নাসির-নাজমুলের সেঞ্চুরিতে আবাহনীর ৩৭৪

A13T3036ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ ম্যাচে জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৭৪ রান করেছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শুরু থেকে দাপটের সঙ্গে খেলেছে তারা, যার নেতৃত্ব সামনে থেকে দিয়েছেন নাসির হোসেন। ম্যাচটি জিতলেই শিরোপা পুনরুদ্ধার করতে পারবে আবাহনী।

অধিনায়কোচিত এক ইনিংস খেলে দলকে সাড়ে তিনশ ছাড়ানো রান এনে দেন নাসির। তাকে উপযুক্ত সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। তিনিও করেছেন সেঞ্চুরি।

টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে শুরুতে মারকুটে খেলতে থাকে আবাহনী। রূপগঞ্জকে বড় টার্গেট দিতে উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ৯২ রানের জুটি গড়েন নাজমুল। ৪৮ রানের ব্যবধানে পারভেজ রসুল তিন উইকেট নিয়ে আবাহনীকে বিপদে ফেলেন।

নাজমুল সেঞ্চুরি করলেনএনামুল ৫১ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রানে আউট হওয়ার পর রসুলের টানা দুই ওভারে হানুমা বিহারি (৬) ও মোহাম্মদ মিঠুন (১) সাজঘরে ফেরেন। এরপর নাজমুলকে সঙ্গে নিয়ে ১৮৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন নাসির। ৭৯ বলে ১১টি চার ও ৩টি ছয় মেরে এই আসরে প্রথম সেঞ্চুরি পান আবাহনী অধিনায়ক। ইনিংসটাকে আরও লম্বা করেছেন তিনি। ৯১ বলে ১৫ চার ও ৪ ছয়ে ১২৯ রানের সেরা ইনিংস খেলেন নাসির।

দলীয় ৩১০ রানে অধিনায়ককে হারানোর পর আবাহনীকে এগিয়ে নেন নাজমুল। ৯৭ বলে ১০টি চার ও ২টি ছয়ে সেঞ্চুরি করা এই ওপেনার থেমেছেন ১১৩ রানে। তার ১০৭ বলের ইনিংসে রয়েছে ১১ চার ও ২ ছয়।

রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রসুল। আর দুটি পান মোহাম্মদ শহীদ।

শিরোপা জিততে হলে এই ম্যাচে কেবল আবাহনীকে হারালেই চলবে না রূপগঞ্জের। ২ পয়েন্টে পিছিয়ে থাকা দলকে জিততে হবে বিশাল ব্যবধানেও।